নিজস্ব প্রতিনিধি | Bnc News
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৪টা ৫০ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের দিক থেকে গুলির শব্দ শোনা যায়।
পরবর্তীতে সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ৭ থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। এ সময় বিএসএফ সদস্যরা সতর্কতামূলক গুলি ছোড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম Bnc News-কে জানান, ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
